
পাইকগাছা প্রতিনিধি
খুলনার পাইকগাছায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের ত্রৈ-মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। ১২ আগস্ট বুধবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী-এর সভাপতিত্বে সভায় গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের বর্তমান চিত্র এবং মাঠ পর্যায়ের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কো-অর্ডিনেটর মল্লিকা মন্ডল। এছাড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের পক্ষে বিশ্বজিৎ সরদার সভায় অংশগ্রহণ করেন। সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা জিএম আব্বাস উদ্দীন, মুহা. বেল্লাল হুসাইন, বিজয় পাল, ফারুক হোসেন, জাবেদ ইকবাল, বাবলুর রহমান সহ অন্যান্য কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা উপস্থিত ছিলেন।
বক্তারা তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত বিচারিক সেবা পৌঁছে দিতে গ্রাম আদালতের গুরুত্ব তুলে ধরেন। বিচারিক কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি মাসিক প্রতিবেদন সঠিকভাবে দাখিল এবং ডাটা এন্ট্রির কাজের অগ্রগতি, প্রচার প্রচারণা বৃদ্ধি , ইউপি ওয়েব পোর্টালে তথ্য আপলোড, অ্যাপস ইনস্টলসহ বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করা হয়। পরিশেষে, গ্রাম আদালত কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলকে নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।
