রাজনীতির আয়নাবাজি
মোঃ রাফিউজ্জামান রাফি
রাজনীতি এক সময় ছিল ত্যাগ, আদর্শ আর জনগণের মুক্তির সংগ্রামের নাম। ইতিহাস সাক্ষী—নেলসন ম্যান্ডেলা থেকে শুরু করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিংবা মাহাথির মোহাম্মদের মতো নেতারা রাজনীতিকে শুধুই ক্ষমতা নয়, বরং জনগণের কণ্ঠ হিসেবে দেখেছেন। অথচ আজকের বাস্তবতায় দাঁড়িয়ে আমরা দেখছি, সেই রাজনীতি যেন ধীরে ধীরে রূপ নিয়েছে এক ধরনের আয়নাবাজিতে—যেখানে বাস্তবতা ও অভিনয়, নীতি ও সুবিধাবাদ, সত্য ও প্রচারণা পরস্পরকে ছায়ার মতো অনুসরণ করে চলে। প্রশ্ন জাগে: আমরা কি সত্যিকারের রাজনীতি দেখছি, নাকি নিছক এক রাজনৈতিক মায়াজালে আটকে আছি?
আয়নাবাজি মানে কী?
আয়নাবাজি—অর্থাৎ ছলনার চিত্রনাট্য, চোখের ভেলকি, বাস্তবকে আড়াল করে এক ধরনের মায়া সৃষ্টি। একদিকে যা দেখা যায়, অন্যদিকে তার সম্পূর্ণ বিপরীত বাস্তবতা লুকিয়ে থাকে পর্দার আড়ালে। রাজনীতিও আজ অনেকটা এমন—নেতার হাসিমুখ, দরিদ্রের ঘরে ...








