Sunday, August 16
Shadow

বাকৃবি ‘সিটি ব্যাংক স্পটলাইটে’ শিক্ষার্থীদের ক্যারিয়ার গড়ার দিকনির্দেশনা

বাকৃবি প্রতিনিধি

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) শিক্ষার্থীদের ক্যারিয়ার পরিকল্পনা ও করপোরেট জগতের সম্ভাবনা সম্পর্কে ধারণা দিতে ‘সিটি ব্যাংক স্পটলাইট’ শীর্ষক ক্যারিয়ার ও দিকনির্দেশনামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ নজরুল ইসলাম কনফারেন্স হলে ইনস্টিটিউট অব এগ্রিবিজনেস অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজের (আইএডিএস) ব্যবস্থাপনায় অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, উচ্চ শিক্ষা ও গবেষণা কমিটির কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. সামছুল আলম, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় রিসার্চ সিস্টেমের (বাউরেস) পরিচালক অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান এবং বাংলাদেশ এগ্রিকালচারাল ইকোনমিস্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্পেকট্রা হেক্সা ফিডস লিমিটেডের পরিচালক ও সিইও মোহাম্মদ আহসানুজ্জামান লিন্টু।

আইএডিএসের পরিচালক অধ্যাপক ড. ছাদেকা হক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন। অধ্যাপক ড. শাকিলা সালামের সঞ্চালনায় বিশেষ অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে ক্যারিয়ার ও ব্যক্তিগত উন্নয়ন বিষয়ে বিভিন্ন পরামর্শ দেন।

অনুষ্ঠানের মূল পর্ব ‘স্পটলাইট কি-নোট সেশন’ পরিচালনা করেন সিটি ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গনি। তিনি করপোরেট জগতের পরিবর্তিত বাস্তবতা, সম্ভাবনা, প্রয়োজনীয় দক্ষতা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন।

উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি সময় ব্যবস্থাপনা, মনোযোগ ও কঠোর পরিশ্রমের ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি বলেন, জীবনে সফলতার জন্য মেধার পাশাপাশি পরিশ্রম অপরিহার্য। জ্ঞান বাড়াতে তাত্ত্বিক ও তথ্যভিত্তিক বই পড়ার পরামর্শও দেন তিনি।

এ ছাড়া ভালো আচরণ, ইতিবাচক বডি ল্যাঙ্গুয়েজ, সুন্দরভাবে কথা বলা এবং আত্মবিশ্বাসের সঙ্গে অন্যের সঙ্গে যোগাযোগের গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের নিজেদের দক্ষতা বিকাশে মনোযোগী হওয়ার পরামর্শ দেন উপাচার্য।

দুই ঘণ্টার এ আয়োজনে কি-নোট সেশনের পর ১৫ মিনিটের ইন্টার‌্যাকটিভ প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা করপোরেট ক্যারিয়ার নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। পরে সমাপনী বক্তব্য, ধন্যবাদ জ্ঞাপন ও ফটোসেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষক, সিটি ব্যাংকের কর্মকর্তাসহ প্রায় ২৫০ শিক্ষার্থী অংশ নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *